প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১৬:৪৭
প্রকৃত শিক্ষায় নজর না দিলে পরিণতি বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষার অভাব ও নৈতিকতাহীন শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি উল্লেখ করেন, শিক্ষা কেবল পুঁথিগত বিদ্যা বা পড়ালেখা শেষ করে একটি চাকরি পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং সত্য-মিথ্যা ও সঠিক পথ বাছাইয়ের ক্ষমতা দেয়। তাই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন, দায়িত্বশীলতা এবং সহশিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে যুক্ত থাকা অত্যন্ত জরুরি, যা একটি মজবুত সমাজব্যবস্থা গঠনে ভূমিকা রাখে।

প্রযুক্তির ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)। এই চতুর্থ শিল্পবিপ্লবের যুগে এআই-কে সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষার বড় সুযোগ গ্রহণ করতে পারে। তবে এটি নির্ভর করবে ব্যক্তির নিজস্ব দক্ষতা ও সদিচ্ছার ওপর।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি।