মানুষ মাত্রই ভুল করে। জীবনের নানা পর্যায়ে জেনে কিংবা না জেনে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। অনেক সময় একই অপরাধ বারবার করার কারণে নিজের ওপর হতাশা তৈরি হয়। মনে প্রশ্ন জাগে, বারবার গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি তিনি ক্ষমা করবেন? ইসলাম বলছে, আন্তরিকভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে এলে তাঁর রহমতের দরজা কখনো বন্ধ হয় না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বান্দাদের তাঁর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। সুরা আয-যুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’
হাদিসেও আল্লাহর ক্ষমার ব্যাপারে আশার বাণী রয়েছে। সহিহ মুসলিমের ২৭৫৮ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কোনো বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন। পরে আবার গুনাহ করে ক্ষমা চাইলে তাঁকে আবারও ক্ষমা করেন। এভাবে বান্দা যখনই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাঁর জন্য ক্ষমার সুযোগ রয়েছে।
তওবাকারীদের ভালোবাসেন আল্লাহ
পবিত্র কোরআনের সুরা বাকারার ২২২ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।’ অর্থাৎ গুনাহ থেকে ফিরে এসে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় আমল।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আদম সন্তানের প্রত্যেকেই ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে উত্তম তারাই, যারা বেশি বেশি তওবা করে। (তিরমিজি, হাদিস ২৪৯৯)
খাঁটি তওবার জন্য যা করণীয়
ইসলামি শিক্ষায় তওবা শুধু মুখে ক্ষমা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে আন্তরিক অনুশোচনা ও নিজেকে সংশোধনের অঙ্গীকার থাকতে হবে। তওবার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ—
১. গুনাহ হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
২. নিজের ভুলের জন্য অন্তর থেকে অনুতপ্ত হতে হবে।
৩. সংশ্লিষ্ট গুনাহ পরিত্যাগ করতে হবে।
৪. ভবিষ্যতে একই গুনাহে জড়াবেন না—এমন দৃঢ় সংকল্প করতে হবে।
৫. কারও অধিকার নষ্ট করলে তা ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চাইতে হবে।
একই গুনাহ আবার হলে কী করবেন?
কেউ আন্তরিকভাবে তওবা করার পর দুর্বলতার কারণে আবার একই গুনাহে জড়িয়ে পড়লে হতাশ হওয়া উচিত নয়। বরং নতুন করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে থাকা এবং পরে ক্ষমা চাওয়াকে অভ্যাসে পরিণত করা প্রকৃত তওবার শিক্ষা নয়।
মহান আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তাই অতীতের ভুলের কারণে তাঁর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গুনাহের পর আল্লাহর কাছ থেকে দূরে সরে না গিয়ে তাঁর কাছেই ফিরে আসতে হবে।
তথ্যসূত্র: পবিত্র কোরআন, সহিহ বুখারি, সহিহ মুসলিম ও জামে তিরমিজি।
আইটি ল্যাব সলিউশন্স লি.