সিলেট

সুনামগঞ্জের জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চেঃ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৩:০১

সুনামগঞ্জের জগন্নাথপুরের রাজু এবার বিশ্বমঞ্চেঃ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে দেশের হয়ে আজারবাইজান যাত্রা

 

ডেস্ক নিউজঃ 

বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আজারবাইজানে গিয়েছেন হাওর অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উদীয়মান ফুটবলার রাজু আহমদ ভূঁইয়া।

 

আজ বুধবার (২১) সকালে ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল ফেস্টিভ্যাল ২০২৬’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে জাতীয় ফুটবল দলের সঙ্গে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাজু আহমেদ। 

 

সে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকার গোলাম রব্বানী ভূঁইয়ার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রাজু সবার ছোট। আক্রমণভাগের এ খেলোয়াড় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

রাজু আহমদ ভূঁইয়া জগন্নাথপুর ছাতক প্রতিদিনকে বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। সেই স্বপ্ন পূরণে আজ দেশের হয়ে বিদেশে খেলতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেনওআমার দেশের জন্য ভালো খেলতে পারি।

 

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সৈয়দনূর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সে যখন ক্লাস সেভেনে পড়ে; তখন আমি তার খেলা দেখি। এরপর থেকেই লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই এবং সহযোগিতা করি। তার আজকের এই অর্জনে আমরা গর্বিত। দোয়া করি সে যেনও দেশের জন্য ভালো কিছু করতে পারে।

 

জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সামিনুর রহমান জানান, শৈশব থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। হাওরপারের সন্তান হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে খেলতে যাওয়া এটি আমাদের সুনামগঞ্জবাসীর জন্য গর্বের। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।

সিলেট থেকে আরো পড়ুন