প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৪:০৪
গাজার শিশুদের চিকিৎসায় ১ কোটি ৬৫ লাখ টাকার বেশি গাজার অসহায় শিশুদের চিকিৎসা ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করতে এক লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ উদ্যোগের কথা জানান হামজা। অর্থ সংগ্রহের সঙ্গে যুক্ত আয়োজক, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
হামজার এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে নুজুম স্পোর্টস নামের একটি সংস্থা। মুসলিম ক্রীড়াবিদদের মানসিক সুস্থতা, ধর্মীয় অনুশীলন এবং পেশাগত অধিকার নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।
সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি উদ্যোগের মাধ্যমে গাজার সংকটাপন্ন শিশুদের সহায়তায়। বিশেষ করে যেসব শিশুর জরুরি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর প্রয়োজন, তাদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন হামজা
নিজের বার্তায় হামজা জানান, অল্প সময়ের মধ্যে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা সম্ভব হওয়ায় তিনি কৃতজ্ঞ। তবে গাজার শিশুদের দুর্ভোগের তুলনায় এই সহায়তা যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি। তাঁর মতে, ছোট ছোট উদ্যোগও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
গাজার ক্ষতিগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের মাধ্যমে মাঠের বাইরেও মানবিক ভূমিকা তুলে ধরেছেন বাংলাদেশের এই ফুটবলার। ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন